২৬ দেশ ও ৭ আন্তর্জাতিক সংস্থাকে নির্বাচনের পর্যবেক্ষণে আমন্ত্রণ জানাল ইসি নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য ২৬টি দেশ ও সাতটি আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানিয়েছে। ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমন্ত্রণ প্রাপ্ত দেশ ও সংস্থার মোট ৮৩ জনকে নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে বলা হয়েছে। স্বপ্রণোদিত বিদেশি পর্যবেক্ষক বা গণমাধ্যমের প্রতিনিধি যারা নির্বাচন পর্যবেক্ষণে অংশ নিতে চান, তাদের ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। অন্যদিকে, ইসির আমন্ত্রণপ্রাপ্তরা ১৭ জানুয়ারির মধ্যে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
আমন্ত্রিত দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, জর্জিয়া, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, নাইজেরিয়া, ফিলিপাইন, রোমানিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, উজবেকিস্তান, তুরস্ক, ভুটান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত ও মালদ্বীপ।
আন্তর্জাতিক সংস্থাগুলো হলো: সার্ক, কমনওয়েলথ, ওআইসি, অ্যানফ্রেল, এ-ওয়েব, আইআরআই ও এনডিআই।
ইসি জানিয়েছে, আমন্ত্রিত দেশের নির্বাচন কমিশন প্রধান ও প্রতিনিধি যাদের এ সময়ে আসবেন, তাদের যাতায়াতের বিমান ভাড়া ছাড়া অন্যান্য সব খরচ কমিশন বহন করবে। এছাড়া তাদের জন্য পাঁচ তারকা হোটেলে থাকার ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থা এবং তথ্যকেন্দ্র থাকবে। তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।